চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‍্যালি, আলোচনা ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদপুর জেলা আশেকে রাসূলের উদ্যোগে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ র‍্যালি বের করা হয়। পরে চাঁদপুর প্রেসক্লাবের হল মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর কেবলার নির্দেশক্রমে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আশেকে রাসূলের অনুসারী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আনন্দ র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন জেলা আশেকে রাসূলের সমন্বয়ক অ্যাডভোকেট রইসুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সহ-সমন্বয়ক ও জেলা জিএস গিয়াস উদ্দিন নান্নু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাই টিভি, মোহনা টিভি ও চ্যানেল আইয়ের ধর্মীয় আলোচক আশেকে রাসূল হযরতুল আল্লাম মুহাদ্দিস ডা. এমরান হোসেন মাজহারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব উত্তর উপজেলার সুজাতপুর খানকায়ে মাহবুবীয়ার খতিব হাফেজ শফিকুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকার হাতিরঝিল বাইতুল নূর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জহিরুল ইসলাম চাঁদপুরী।
আলোচনা সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র আগমন মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও পরম সৌভাগ্যের দিন। তাঁর জীবন ও আদর্শ মানবজাতির জন্য শান্তি, সাম্য, মানবিকতা ও কল্যাণের পথনির্দেশনা দেয়।
বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ শুধু ব্যক্তিজীবনে নয়, পরিবার, সমাজ ও জাতীয় জীবনেও বাস্তবায়ন করা প্রয়োজন। তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণ করতে পারলে সমাজে শান্তি, সৌহার্দ্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।
তাঁরা আরও বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের অন্যতম উদ্দেশ্য হলো মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে মানুষকে জানানো এবং তাঁর দেখানো পথে চলার জন্য নিজেদের প্রস্তুত করা। ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণের মধ্য দিয়েই তাঁর আদর্শকে ব্যক্তি ও সমাজজীবনে প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠানে আশেকে রাসূল জেলা সহকারী সমন্বয়ক মুজাম্মেল হোসেন শাহীন, সাংবাদিক মহসিন সরদার, মতিন মিয়াজী, সদর উপজেলা সমন্বয়ক রাসেল আহমেদ আকাশ, উপদেষ্টা এ আর শাহআলম, এ আর আক্তার হোসেন, এ আর হাসেম গাজী, আহমেদ আলী, মুকবুল জমাদার, মুকবুল উকিল, সাংবাদিক সুজন আহমেদ, দাদন মিয়াজী, আল আমিন, জসিম, মনির কাজী, তাফাজ্জল বেপারি, মুকবুল মোল্লা, ইমন, শাওন ও রবিউলসহ বিভিন্ন উপজেলার আশেকে রাসূলের অনুসারীরা উপস্থিত ছিলেন।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শেয়ার করুন