ড্যাফোডিলে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
“শিক্ষাজীবনে নৈতিকতা ধারণ করে আগামী বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে নিজেকে গড়ে তুলতে পারলে জুলাই বিপ্লবের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ তোমাদের হাতেই বিনির্মাণ হবে”—এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেছেন চাঁদপুরের জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাবুরহাট শাখার কলেজ অডিটোরিয়ামে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা শিক্ষা অফিসার বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানটির শতভাগ পাসের ফলাফলে তিনি আনন্দিত। এই ফলাফল ধরে রেখে ভবিষ্যতে শিক্ষার্থীরা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে—এটাই অভিভাবক ও শিক্ষকদের প্রত্যাশা। তবে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শুধু সফলতা অর্জন করলেই হবে না, সফলতার সঙ্গে নৈতিকতাও অর্জন করতে হবে। পিতা-মাতা, শিক্ষক ও গুরুজনদের প্রতি দায়িত্ব পালন, সুশীল আচরণ এবং ধর্মীয় নৈতিকতা চর্চার মাধ্যমে দুনিয়া ও পরকাল—উভয় জগতেই সফলতা অর্জন সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নূর খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ শাখার অধ্যক্ষ ক্যাপটেন এস আই এম জাহারিন ও সহকারী উপাধ্যক্ষ হারাধন চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রুবেল হোসেন। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১০ আগস্ট সারাদেশে এসএসসি, সমমান ও দাখিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চাঁদপুর সদরে শীর্ষ ফলাফল অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। পাশাপাশি কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে স্থান করে নেওয়ার গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এ বছর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে ৭০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই উত্তীর্ণ হয়েছে।
জেলা শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, এবার চাঁদপুর জেলার ২৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাধারণ এসএসসি পরীক্ষায় ২১ হাজার ৬৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৭৯৭ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮৫ জন। গড় পাসের হার ৬৩ শতাংশ।
চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে মনোরম পরিবেশে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। শ্রেণিকক্ষে নিবিড় পাঠদান, অভিজ্ঞ শিক্ষক, মাল্টিমিডিয়া ক্লাস, খেলাধুলার মাঠ, ধর্মীয় অনুশাসন, স্কাউটিং, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও জাতীয় দিবস পালনসহ নানা কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। প্রতিবছরই এসএসসি পরীক্ষার ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন