- শরীফুল ইসলাম
জাতীয় সংসদে বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তার নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, তাকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর জন্য এলাকাবাসীর প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
বক্তব্যে তিনি চাঁদপুর সদর থেকে হাজীগঞ্জ উপজেলা পর্যন্ত ডাকাতিয়া নদী তীরবর্তী প্রায় ২৫ কিলোমিটার এলাকা অত্যন্ত ভাঙনপ্রবণ উল্লেখ করেন। প্রতি বর্ষা মৌসুমে প্রবল জোয়ার ও স্রোতের কারণে বিস্তীর্ণ অঞ্চলের ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বলে তিনি জানান।
তিনি বিশেষভাবে চাঁদপুর সদর ও হাইমচরের মধ্যবর্তী বিস্তীর্ণ এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে তুলে ধরে বলেন, সেখানে কোনো স্থায়ী, টেকসই ও শক্তিশালী প্রতিরক্ষা বাঁধ না থাকায় প্রতিবছর অসংখ্য মানুষ বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। নদীভাঙনের কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে এবং জনজীবনে মারাত্মক দুর্ভোগ নেমে আসছে।
এ প্রেক্ষাপটে তিনি প্রায় ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে একটি সুপরিকল্পিত ও টেকসই প্রতিরক্ষা বাঁধ বা গাইড ওয়াল নির্মাণের দাবি জানান। তার মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু ভাঙন রোধই হবে না, বরং নদীতীরবর্তী লক্ষাধিক মানুষের জানমালের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।