৬৪ জেলার ঐতিহ্য ও সংস্কৃতির মিলনমেলা : ড্যাফোডিল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যের হাটের পঞ্চম আসর

দেশের ৬৪ জেলার ঐতিহ্য, স্বাদ আর সংস্কৃতি আজ যেন এক আঙিনায় এসে মিলেছিল। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ও ব্র্যাক ব্যাংক পিএলসি-র যৌথ আয়োজনে আজ শনিবার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যের হাটের পঞ্চম আসর। ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ প্রতিপাদ্যে শিক্ষার্থীরা নিজ নিজ জেলার ঐতিহ্যবাহী পণ্য, খাবার ও সংস্কৃতির পসরা সাজিয়ে বসেন।
শিকড়ের ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা, ঐতিহ্যবাহী পণ্যের মাঝে লুকিয়ে থাকা ব্যবসায়িক সম্ভাবনা খুঁজে বের করা, জেলাভিত্তিক পণ্যকে কীভাবে ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা যায় তা হাতে-কলমে শেখা এবং সর্বোপরি শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার স্বপ্নে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
দেশে চার বছর মেয়াদি ব্যাচেলর অব এন্ট্রাপ্রেনিউরশিপ ডিগ্রি প্রদানকারী একমাত্র বিভাগ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ। উদ্যোক্তা শিক্ষাকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে ২০২২ সালে বিভাগটির উদ্যোগে যাত্রা শুরু হয় ‘ঐতিহ্যের হাট’-এর। ৩৮টি জেলা নিয়ে শুরু হওয়া এই উদ্যোগ চতুর্থ আসরে (২০২৫) ৬২ জেলা, প্রায় ৩০ হাজার দর্শনার্থী এবং প্রায় ৪০ লাখ টাকার বিক্রিতে পৌঁছায়। এবারের পঞ্চম আসর আগের সব রেকর্ড পেছনে ফেলে এগিয়ে গেছে আরও এক ধাপ। টানা দ্বিতীয়বারের মতো এ আয়োজনে পাশে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে আলোকিত করেন ডিআইইউ-র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. আর. কবির এবং প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল। ব্র্যাক ব্যাংক পিএলসি-র পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএমএস বিজনেস ইউনিট-১-এর হেড আলমগীর হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএমএস বিজনেস ইউনিট-২-এর হেড ইন্দ্রজিৎ সুর এবং উইমেন এন্ট্রাপ্রেনিউর সেলের হেড খাদিজা মরিয়ম। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও একাডেমিক নেতৃবৃন্দসহ প্রায় ৭০ জন বিদেশি অতিথি ২৫টি দেশ থেকে এ আয়োজনে যোগ করে আন্তর্জাতিক মাত্রা।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিক্ষার্থীরা হস্তশিল্প, তাঁতবস্ত্র, মৃৎশিল্প আর জেলার বিখ্যাত খাবারের স্টলে দর্শনার্থীদের স্বাগত জানান। বিচারকমণ্ডলী উপস্থাপনা, পণ্যের মৌলিকত্ব, বিক্রয় ও প্রচারণার ভিত্তিতে প্রতিটি স্টল মূল্যায়ন করেন। বিকেলে জেলাভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকগান আর আঞ্চলিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
ঐতিহ্যের হাটের পঞ্চম আসরের আহ্বায়ক ও ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের প্রধান মো. কামরুজ্জামান দিদার বলেন, ঐতিহ্যের হাট শুধু একটি মেলা নয়, এটি শিক্ষার্থীদের হাতে-কলমে উদ্যোক্তা হয়ে ওঠার একটি প্ল্যাটফর্ম। নিজ জেলার পণ্যকে ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে গিয়ে তারা শিখছে বাজার, মূল্য নির্ধারণ আর গ্রাহকের মন বোঝার কৌশল। এভাবেই আমরা বিশ্বের দরবারে বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চাই।

শেয়ার করুন