নিজস্ব প্রতিবেদক :
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে কলেজ শাখায় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেয়েছেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রফেসর ড. মো. মাসুদ হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও নগদ দুই লাখ টাকা তুলে দেন। গতকাল সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান করা হয়।
ড. মো. মাসুদ হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে “Analysis of Regional Disparity of Poverty in Bangladesh” শীর্ষক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর রয়েছে প্রায় ২০টি গবেষণাধর্মী ও সৃজনশীল প্রকাশনা, যা শিক্ষা ও গবেষণার জগতে তাঁর সক্রিয় অবদানের পরিচায়ক।
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক (কলেজ) সম্মাননা অর্জন করেন। এছাড়া ২০১৯, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালে চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক (কলেজ) নির্বাচিত হন। কলেজে কাজের ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য ২০২১ সালে চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে এপিএ পুরস্কারে ভূষিত হন। ২০২২ সালে চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে তিনি শুদ্ধাচার পুরস্কারেও ভূষিত হন।
বিভাগীয় ও জেলা পর্যায়ে ধারাবাহিক সাফল্যের পর এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়া তাঁর শিক্ষকতা জীবনের এক অনন্য অর্জন। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন। পাইকপাড়া ইউনিয়ন গোবিন্দ উচ্চ বিদ্যালয় হতে তিনি এসএসসি পাস করেন। ফরিদগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ হতে স্নাতক (সম্মান) ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শেষ করে তিনি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, এনজিওতে চাকরি করেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কর্মসূচি সমন্বয়কের দায়িত্ব পালন অবস্থায় তিনি ২২তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস (শিক্ষা সাধারণ) ক্যাডারে যোগদান করেন। ভোলা সরকারি কলেজে ভূগোল বিভাগ তাঁর প্রথম কর্মস্থল। ভোলা সরকারি কলেজ থেকে প্রেষণে মুন্সিগঞ্জ জেলায় প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে যোগদান করেন। প্রেষণ শেষে মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা’য় সংযুক্ত হয়ে ডেপুটেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছেন। পিএইচডি ডিগ্রি সম্পন্ন করে ২০১৩ সালের মার্চ মাসে চাঁদপুর সরকারের মহিলা কলেজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন।
চাঁদপুর সরকারি মহিলা কলেজে তাঁর উল্লেখযোগ্য কিছু অবদান হলো একাডেমিক ক্যালেন্ডার ক্যালেন্ডার প্রণয়ন, সিটিজেন চার্টার প্রণয়ন, কলেজ ওয়েবসাইট আপডেট, ভর্তি কার্যক্রম অনলাইনকরণ, উচ্চ মাধ্যমিকের ফলাফল সফটওয়্যারের মাধ্যমে প্রকাশ, কম্পিউটার প্রশিক্ষণ পরিচালনা, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের সিইডিপি-আইডিপি প্রকল্পের ফোকাল পয়েন্টের দায়িত্ব পালন (কলেজের টিচিং- লার্নিং পরিবেশ উন্নতির জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি, স্মার্ট বোর্ড স্থাপন, সমগ্র ক্যাম্পাস নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা, এপিএ কার্যক্রম পরিচালনা।
চাঁদপুর সরকারি মহিলা কলেজ অধ্যক্ষের শুভেচ্ছা-অভিনন্দন : প্রফেসর ড. মোঃ মাসুদ হোসেন হোসেনের জাতীয় পর্যায়ের এই অর্জনে চাঁদপুর মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, ড. হোসেনের এই অর্জনে চাঁদপুর সরকারি মহিলা কলেজ পরিবার গর্বিত। একই সাথে চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিবার ও কর্মচারীবৃন্দ অভিনন্দন জানিয়েছেন তাঁকে।
