রক্তের গ্রুপ জানার ছোট উদ্যোগ, বড় মানবিক বার্তা

নিজস্ব প্রতিবেদক
রক্তের প্রয়োজন কখন, কোথায় এবং কার জীবনে এসে দাঁড়াবে- তা কেউ আগে থেকে বলতে পারে না। দুর্ঘটনা, জটিল অস্ত্রোপচার কিংবা জরুরি চিকিৎসার মুহূর্তে একটি ব্যাগ রক্ত হয়ে উঠতে পারে জীবন বাঁচানোর শেষ ভরসা। অথচ অনেক মানুষই নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানেন না। সেই বাস্তবতা থেকে সচেতনতা তৈরির লক্ষ্যে হাইমচরে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ নিয়েছে ‘জ্ঞানের আলো’ সংগঠন।
বৃহস্পতিবার হাইমচর উপজেলার সাহেবগঞ্জ বাজারসংলগ্ন মোল্লাকান্দি যুবসমাজ নুরু হক মনজিলা জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে সংগঠনটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, তরুণ-তরুণী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ক্যাম্পে আগত ব্যক্তিদের রক্তের নমুনা সংগ্রহ করে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। একই সঙ্গে রক্তদানের প্রয়োজনীয়তা, নিরাপদ রক্ত সংগ্রহের গুরুত্ব এবং স্বেচ্ছায় রক্তদানের সামাজিক উপকারিতা সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।
আয়োজকদের ভাষ্য, অনেক সময় জরুরি মুহূর্তে রক্তদাতার সন্ধান পেতে ভোগান্তিতে পড়তে হয় রোগীর স্বজনদের। নিজের রক্তের গ্রুপ জানা থাকলে প্রয়োজনের সময় দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়া সহজ হয়। পাশাপাশি সমাজে স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতেও এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক্যাম্পে অংশ নিতে আসা কয়েকজন শিক্ষার্থী জানান, আগে তারা নিজেদের রক্তের গ্রুপ জানতেন না। বিনামূল্যে এ সুযোগ পেয়ে তারা উপকৃত হয়েছেন। একই সঙ্গে রক্তদানের বিষয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে তাদের মধ্যে।
স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, শুধু রক্তের গ্রুপ নির্ণয় নয়, মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজক সংগঠন ‘জ্ঞানের আলো’ জানায়, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে মানবসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই তাদের লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে তাদের।
কর্মসূচি সফল করতে সহযোগিতা করা স্বেচ্ছাসেবক, শিক্ষক, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি। স্থানীয়দের প্রত্যাশা, এমন উদ্যোগ নিয়মিত হলে মানবিক সমাজ গঠনের পথ আরও সুগম হবে।
মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় আর সচেতনতার বার্তা নিয়ে হাইমচরের এই ছোট আয়োজন যেন স্মরণ করিয়ে দিল- এক ব্যাগ রক্ত শুধু একজন রোগীর জীবনই বাঁচায় না, বাঁচিয়ে রাখে একটি পরিবার, একটি স্বপ্ন এবং অসংখ্য সম্ভাবনা।
শেয়ার করুন