নিজস্ব প্রতিবেদক
ঢাকায় অনুষ্ঠিত সিটি ক্লাব একাডেমি কাপ অনূর্ধ্ব-১৮ টি-টোয়েন্টি টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স দেখিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি। গ্রুপ পর্বে টানা সাফল্যের ধারাবাহিকতায় বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে দলটি।
ঢাকার মিরপুরের পল্লবী সিটি ক্লাব গ্রাউন্ডে চলমান টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বনানী স্পোর্টস এরেকিনাকে ৮ উইকেটে হারায় ক্লিন চাঁদপুর। প্রথমে ব্যাট করে বনানী স্পোর্টস এরেকিনা ১৭৩ রান সংগ্রহ করে। ক্লিন চাঁদপুরের মিহাদ খান ২০ রান দিয়ে চারটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫ দশমিক ২ ওভারে দুই উইকেট হারিয়ে ১৭৪ রান তুলে জয় নিশ্চিত করে ক্লিন চাঁদপুর। দলের হয়ে শামীম ৩৫ বলে ৭১ রান করেন। অধিনায়ক রাতুলের ব্যাট থেকে আসে ২৪ বলে ৪০ রান। দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচসেরা হন শামীম।
গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতে জয় এবং বৃষ্টির কারণে প্রভাবিত একটি ম্যাচের হিসাব মিলিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয় ক্লিন চাঁদপুর। ফলে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে একাডেমির কিশোর ক্রিকেটাররা।
দলের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ। মুঠোফোনে তিনি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, ক্রিকেটাররা নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছে। শৃঙ্খলা ও ধারাবাহিকতা ধরে রাখতে পারলে দল ফাইনালে পৌঁছাতে পারবে বলে তিনি আশাবাদী।
এদিকে দলের সাধারণ সম্পাদক শেখ মনজুরুল কাদের সোহেল বলেন, খেলোয়াড়দের হার না মানা মানসিকতাই দলকে গ্রুপ চ্যাম্পিয়ন করেছে। কোয়ার্টার ফাইনালেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান তাঁরা।
মাঠে উপস্থিত থেকে দলকে উৎসাহ দেন ক্লিন চাঁদপুরের সাধারণ সম্পাদক শেখ মনজুরুল কাদের সোহেল, ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক ফয়সাল খান ও প্রধান কোচ পলাশ কুমার সোম।