চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন

  • নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে সম্প্রতি এ কমিটি গঠন করা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৬-এর ধারা ২ (১৫)-এ সংজ্ঞায়িত স্থানীয় ক্রীড়া সংস্থার সংবিধি ও গঠনতন্ত্রের বিধান অনুযায়ী এবং পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (রুটিন দায়িত্ব) টুটিন খীসা স্বাক্ষরিত এক স্মারকপত্রে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

অনুমোদিত কমিটিতে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানকে সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক জসিম উদ্দিন খান বাবুলকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার এবং স্থানীয় ক্রীড়াবিদ টি এম শাহজাহান।

সংশ্লিষ্ট গঠনতন্ত্রের বিধান অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে এ অ্যাডহক কমিটি।

নতুন এ কমিটি অনুমোদনের মধ্য দিয়ে চাঁদপুরের ক্রীড়াঙ্গনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নিয়মিত নির্বাচিত কমিটি গঠনের পথ সুগম হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

 

শেয়ার করুন