গ্র্যাজুয়েটদের সম্মান জানাল ড্যাফোডিল

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) আয়োজনে শনিবার এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ‘প্লেসমেন্ট সেলিব্রেশন ডে ২০২৬’ উদযাপিত হয়েছে। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল-গত এক বছরে দেশি ও আন্তর্জাতিক স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরিপ্রাপ্ত সফল গ্র্যাজুয়েটদের পেশাগত সাফল্য উদযাপন করা, বিশ্ববিদ্যালয় ও এলামনাইদের মধ্যে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী সংযোগ ও সেতুবন্ধন গড়ে তোলা এবং গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী শীর্ষ নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে ‘বেস্ট এমপ্লয়ার’ বা ‘সেরা নিয়োগকর্তা’ হিসেবে সম্মাননা প্রদান করা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব দেবদুলাল রায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিডেটেডের নির্বাহী পরিচালক মোঃ মাহাবুবুল করিম ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নাদির বিন আলী। অনুষ্ঠানে ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ভার্চুয়ালি যুক্ত হয়ে গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে ভিডিও বার্তা প্রদান করেন।
চাকরিপ্রাপ্ত আমন্ত্রিত গ্র্যাজুয়েটদের অভ্যর্থনা ও নিবন্ধনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্বাগত বক্তব্যের মাধ্যমে উদ্বোধনী পর্বে সফল গ্র্যাজুয়েটরা তাদের কর্মজীবনের সাফল্য ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এরপর চাকরিপ্রাপ্ত গ্র্যাজুয়েটদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ডিআইইউ কালচারাল ক্লাবের পরিবেশনার মধ্য দিয়ে ‘স্বাধীনতা সম্মেলন কেন্দ্র’ থেকে র‌্যালিটি শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠ ও শহীদ মিনারের পাশ দিয়ে ‘নলেজ টাওয়ার’-এ গিয়ে শেষ হয়। এসময় ডিআইইউ রোভার স্কাউট ও বিএনসিসি প্রাক্তন শিক্ষার্থীদের ‘গার্ড অফ অনার’ প্রদান করে।
এবারের আয়োজনের একটি অনন্য বৈশিষ্ট্য ছিল পরিবেশ-বান্ধব সচেতনতা ও টেকসই অগ্রগতির প্রতীক হিসেবে সফল গ্র্যাজুয়েটদের সম্মান জানানোকালে প্রথাগত ফুলের তোড়ার পরিবর্তে, গ্র্যাজুয়েটদের প্রথাগত ‘স্যাশ’ (sash)-এর পাশাপাশি এমন সব ইনডোর বা শোভাবর্ধক উদ্ভিদ উপহার দেওয়া হয়, যাতে “আপনার সমৃদ্ধি ও সাফল্য কামনা করি” (Wishing You Growth and Success)-এমন বার্তা নিহিত ছিল। এই উদ্যোগটি টেকসই উন্নয়ন এবং গ্র্যাজুয়েটদের নিরবচ্ছিন্ন পেশাগত অগ্রগতির এক বলিষ্ঠ বার্তা তুলে ধরে।
দিনব্যাপী এই উৎসবটি ক্যাম্পাসে আয়োজিত প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্ত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সর্বদা অত্যন্ত শ্রদ্ধার সাথে তার প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত অর্জন উদযাপন করে এবং গ্র্যাজুয়েটদের ভবিষ্যতের জন্য নতুন দিগন্ত উন্মোচনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন