চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

  • শরীফুল ইসলাম 
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভের বেদিতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে স্মৃতিস্তম্ভের নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের বেদির নিচের অংশে পেট্রোল ও টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পরপরই তারা ঘটনাস্থল থেকে সরে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় স্মৃতিস্তম্ভের নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে স্মৃতিস্তম্ভ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ জানান, আমরা যে জুলাইকে ধারণ করে নতুন একটি স্বাধীনতা পেয়েছি। সেই জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফ্যাসিবাদের দোসররা আগুন দিয়েছে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আহবান জানাবো, অতিদ্রুত দুষ্কৃতিকারিতে ধরে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আমাদের ছাত্রদলের পক্ষ থেকে যারা ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করতে সহায়তা করবো।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্বৃত্তরা হঠাৎ করে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শেয়ার করুন