দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাজীগঞ্জ পৌর যুবদল নেতা জহির বহিষ্কার

  • নিজস্ব প্রতিবেদক

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিএনপির সিনিয়র নেতাদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য এবং দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির আহমেদ জহিরকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগে জহির আহমেদ জহিরকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এমপি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত জহির আহমেদ জহিরের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল বহন করবে না। পাশাপাশি যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়।

এদিকে, বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংবাদ বিজ্ঞপ্তিটি শেয়ার করেছেন চাঁদপুর জেলা যুবদলের নবাগত সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।

 

শেয়ার করুন