- নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সরকারি রাস্তা ও চলাচলের পথ জবরদখল করে কাঁটাতারের বেড়া দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এতে চরম নিরাপত্তাহীনতা ও অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে একটি প্রবাসী পরিবার। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পর সরেজমিন তদন্তে ঘটনার সত্যতাও মিলেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দায়চারা গ্রামের মৃত আব্দুল মন্নাফ পাটোয়ারীর ছেলে মো. আবু মোহাম্মদ কাউছার সরকারি রাস্তা উন্মুক্ত ও চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে প্রশাসনের শরণাপন্ন হন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহাদাত হোসেন ঘটনাস্থল সরেজমিন তদন্ত করেন।
তদন্ত প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট ১৯২ দাগের কিছু অংশ সরকারি ভূমি বা ‘রাস্তা’ হিসেবে রেকর্ডভুক্ত রয়েছে। কিন্তু বিবাদী শিমুল, বকুল ও তাদের পরিবারের লোকজন উক্ত রাস্তার অংশ দখল করে সিমেন্টের পিলার ও কাঁটাতারের বেড়া দিয়ে চলাচলে স্থায়ী প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এছাড়া পাশেই ১৯১ নং দাগে আবেদনকারীর নিজস্ব বসতঘর থাকলেও বিবাদীরা নালিশী ভূমির সপক্ষে কোনো ধরনের বৈধ কাগজপত্র বা রেকর্ডপত্র দেখাতে পারেননি।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, তারা ঘর নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী—ইট, বালু, রড ও সিমেন্ট আনলে প্রতিপক্ষরা জোরপূর্বক তা নিয়ে যায় এবং চলাচলের একমাত্র পথটি আটকে দেয়। পরিবারের প্রধান ও পুরুষ সদস্যরা প্রবাসে থাকায় বাড়িতে থাকা নারী ও বয়োবৃদ্ধরা চরম আতঙ্ক এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিনিয়ত তাদের নানা ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং নির্মাণকাজে বাধা দেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয় ভূমি অফিসের তদন্ত কর্মকর্তা বিবাদীদের সাথে কথা বলে অবিলম্বে বেড়া অপসারণ করে চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়ার অনুরোধ জানালেও তারা তা তোয়াক্কা করেননি। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি), ফরিদগঞ্জ, চাঁদপুরের দপ্তরে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে প্রতিপক্ষ শিমুলের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা আদালতে মামলা চলমান রয়েছে অজুহাতে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
সরকারি রাস্তা জবরদখল করে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার এই ঘটনায় এলাকাবাড়ীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত অবৈধ বেড়া অপসারণ করে চলাচলের পথ উন্মুক্ত করতে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী।