- মমিনুল ইসলাম
চাঁদপুরে মেঘনা নদীতে দেশীয় মাছের পোনা ও জাটকা রক্ষায় কঠোর অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর এখলাশপুর, বাহাদুরপুর, বোরচর ও সটাকী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাঙ্গাসের পোনা ধরার কাজে ব্যবহৃত ২টি চাঁই, ২টি বেহুন্দী জাল, ৪টি গছি জাল এবং ১০টি চায়না দুয়ারি চাঁই জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে এসব অবৈধ জাল ও মাছ ধরার সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এবং মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হক।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, মেঘনা নদী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক মৎস্যভাণ্ডার। অবৈধ জাল ও চাঁই ব্যবহার করে পোনা ধ্বংস করা হলে ভবিষ্যতে মাছের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সে কারণে পোনা ও জাটকা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, সরকার ঘোষিত মাছ সংরক্ষণ নীতিমালা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নদী ও বাজার পর্যায়ে নজরদারি জোরদার করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।