হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা

  • নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের বিভিন্ন উপজেলার প্রান্তিক ও দরিদ্র মানুষদের নিয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী হাজীগঞ্জ উপজেলার আহম্মদপুর গাউছিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই চক্ষু শিবির সম্পন্ন হয়।
চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের আয়োজিত ও মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকদের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পে চার উপজেলার গ্রামের প্রান্তিক ও দরিদ্র সহস্রাধিক চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
​আয়োজক মোহাম্মদ ইউনুছ উল্ল্যাহ জানান, এটি আমাদের দশম বছরের ধারাবাহিক আয়োজন। সমাজের অবহেলিত ও দৃষ্টিহীন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আলো ফিরিয়ে দিতে এবং যাদের চিকিৎসার সামর্থ্য নেই, তাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে আগত সহস্রাধিক রোগীদের চোখ পরীক্ষা করার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চোখের ড্রপ বিতরণ করা হয়। এছাড়া বাছাইকৃত দুই শতাধিক ছানি রোগীদের পরবর্তী সময়ে সম্পূর্ণ বিনামূল্যে চাঁদপুর চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানে তাদের থাকা, খাওয়া, অপারেশন, ওষুধ এবং কালো চশমা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে বলে আয়োজকরা নিশ্চিত করেছেন।
শেয়ার করুন