উৎসবমুখর পরিবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় প্রাণবন্ত এক মিলনমেলায়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নূর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা নুরুল আমিন খান আকাশ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদকমুক্ত ও সুস্থ-সবল তরুণ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই এবং শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও চরিত্র গঠনে ক্রীড়া চর্চার গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর শুধু পড়াশোনায় নয়, বরং বিতর্ক, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের মতো সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, যা এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব জয়নাল আবেদীন জনু এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ। নিজ নিজ বক্তব্যে তাঁরা এই ধরণের ক্রীড়া আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও কলেজ কর্তৃপক্ষকে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
দিনের মূল আকর্ষণ ছিল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, যা অনুষ্ঠিত হয় মানবিক শাখা ও ব্যবসায় শিক্ষা শাখার মধ্যে। উভয় দলের শিক্ষার্থীদের উৎকণ্ঠা ও দর্শকদের করতালির মধ্য দিয়ে অনুষ্ঠিত এই প্রাণবন্ত ম্যাচে মানবিক বিভাগ ৩-০ গোলের ব্যবধানে সহজ জয় নিশ্চিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি জনাব মোঃ নূর খান এই সফল আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও কলেজের সহশিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।