শরীফুল ইসলাম :
চাঁদপুরে যৌথ বাহিনীর পৃথক অভিযানে অবৈধ অস্ত্রসহ ৫ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার সকালে আটককৃতদের মতলবব উত্তর ও হাইমচর থানায় হস্তান্তর করা হয়। হাইমচরে আটককৃতরা বিএনপি ও আওয়ামী লীগের নেতা।
চাঁদপুর সেনাবাহিনীর মিডিয়া সেলের দেওয়া তথ্য মতে, সন্ত্রাসী কর্মকান্ডে অভিযুক্তদের রোববার রাতে হাইমচর উপজেলায় চরডাঙ্গা গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত মো. এস এম কবির, মোঃ আবু জাফর ও এস এম ফজলুল রহমানকে স্থানীয় একটি বাজার হতে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের হাইমচর থানায় হস্তান্তর করা হয়। এস এম কবির আলগী দক্ষিণ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। ফজলুর রহমান ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আবু জাফর উপজেলা যুবদল নেতা।
এদিকে মতলব উত্তরে লধুয়া গ্রামে মোঃ আঃ ছাত্তার ও মোঃ সোহরাব হোসেন নামের দুই সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে জবানবন্দী দেওয়ার ইস্যুতে কয়েকজন দুর্বৃত্ত বাদীর বাড়ি ভাংচুরের চেষ্টা করে। তবে স্থানীয় পুলিশের হস্তক্ষেপে তাদের বাড়ি রক্ষা পায়। এরই ধারাবাহিকতায় ৬ অক্টোবর রাতে ৩টি মামলার এজাহারভুক্ত আসামী ও সন্ত্রাসী কর্মকান্ডে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইজন সন্ত্রাসীকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়।
চাঁদপুরে নিরীহ ছাত্র-জনতার উপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।