দেবপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদপুরের দেবপুরে আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দেবপুর মুনিরা আল খালিদ মহিলা হাফেজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবপুর দরবার শরীফের পীর আল্লামা এমদাদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবপুর দরবার শরীফের পীর আল্লামা মুফতি নূর মোহাম্মদ আরিফ।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, মহানবী (সা.) মানুষের মধ্যে শান্তি, মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের শিক্ষা প্রতিষ্ঠা করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুফতি নূর মোহাম্মদ আরিফ বলেন, “মহানবী (সা.)-এর আদর্শ শুধু ব্যক্তিজীবনে নয়, সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও অনুসরণ করা প্রয়োজন। তাঁর শিক্ষা মানুষের মধ্যে ভালোবাসা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে।”
সভাপতির বক্তব্যে আল্লামা এমদাদুল হক বলেন, “শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলে শিক্ষার্থীরা দেশ ও সমাজের জন্য কল্যাণকর নাগরিক হিসেবে গড়ে উঠবে।”
অনুষ্ঠানে মাদ্রাসার সুপার এন্টেন খাদিজা বেগম, সহকারী সুপার বিলকিস সুলতানা, আরবি শিক্ষক বিউটি বেগম এবং হিফজ বিভাগের প্রধান আয়েশা আক্তার বক্তব্য দেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ছয়টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে বাংলা ও ইংরেজি বক্তৃতা, পবিত্র কোরআন তেলাওয়াত এবং নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা ছিল উল্লেখযোগ্য।
আয়োজকেরা জানান, ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এসব প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন