শাওন পাটওয়ারী :
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শহরের ১২নং ওয়ার্ডে বিএনপি’র মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝির দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ১২নং ওয়ার্ডের মিশন রোড, বঙ্গবন্ধু সড়ক, কুমিল্লা রোড, মাদ্রাসা রোড, নাজির পাড়া, ছৈয়াল বাড়ি রোড, হাজী মহসিন রোড, বিপণীবাগ রোড এলাকায় বিএনপি’ও মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝী ধানের শীষ মার্কা নিয়ে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।
এ সময় তিনি বিভিন্ন পথসভায় বলেন, ১২নং ওয়ার্ড এলাকা সারাদিন ঘুরলাম। এই এলাকার চিত্র দেখলে মনে হয় না এলাকায় কোনো উন্নয়ন হয়েছে। রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন কথা এলাকাবাসী বলেছে। আমি নির্বাচিত হতে পারলে এ এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করব।
আগামী ১০ অক্টোবর সকলকে ভোটকেন্দ্রে যেতে হবে। ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি আপনাদের উন্নয়নে কাজ করবো।
তিনি আরো বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরী করতে হবে। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচনের মাঠে আইন সবার জন্য সমান রাখতে হবে।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোটে যেন কোন ধরনের কারচুপি না করতে সেদিকে খেয়াল রাখতে হবে। ১০ অক্টোবর ভোট কেন্দ্রে শক্ত অবস্থানে থাকতে হবে। ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
গণসংযোগ ও পথসভায় বিএনপির পৌর মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। বিএনপি’র মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝির গণসংযোগ ও পথসভা উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী বেপারী, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর প্রার্থী শরীফ উদ্দিন পলাশ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, শহর বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লিটন, শহর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক কাজী মাজহারুল হক, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারেক মিন্টু, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেরাজ চোকদার, সদর থানা মৎস্যজীবী দলের সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।