৭০ বছরের ঠিকানা বদলের উদ্যোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রায় সাত দশক ধরে একই স্থানে রয়েছে ইউনিয়ন পরিষদ। এর আশপাশে গড়ে উঠেছে বাজার, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও যোগাযোগের সড়ক। ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সহজেই আসেন সেবা নিতে। সেই পরিচিত ঠিকানা বদলে অন্যত্র ইউনিয়ন পরিষদ স্থানান্তরের উদ্যোগকে কেন্দ্র করে দেখা দিয়েছে বিরোধ। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাটি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের। বহরী মৌজার নেছার আড়ং বাজারে অবস্থিত পরিষদটি স্থানান্তরের উদ্যোগের বিরুদ্ধে সোমবার সকালে পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। তাঁদের দাবি, দীর্ঘদিনের প্রতিষ্ঠিত এই পরিষদ অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। বরং বর্তমান স্থানে পরিষদের নামে বিএস খতিয়ানভুক্ত ২৫ শতক জমি রয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া বাসিন্দারা বলেন, জমির সংকটের কারণ দেখিয়ে ইউনিয়ন পরিষদ স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। অথচ বর্তমান জায়গায় পরিষদের নিজস্ব জমি রয়েছে। এ ছাড়া স্থানটি ইউনিয়নের মানুষের কাছে দীর্ঘদিনের পরিচিত ও সহজে যাতায়াতযোগ্য। অন্যত্র সরিয়ে নেওয়া হলে সাধারণ মানুষকে সেবা নিতে ভোগান্তিতে পড়তে হবে।
এলাকাবাসী জানান, পরিষদ স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন তাঁরা। পাশাপাশি এ বিষয়ে হাইকোর্টেও রিট করেছেন। তাঁদের দাবি, গত ১৫ সেপ্টেম্বর হাইকোর্ট তাঁদের আবেদন নিষ্পত্তির বিষয়ে রাষ্ট্রপক্ষকে নির্দেশনা দিয়েছেন এবং ৬০ দিনের মধ্যে জবাব দিতে বলেছেন।
স্থানীয় বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী নুরে আলম সিদ্দিকী মুকুল বলেন, ‘উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের কার্যালয় বর্তমান আড়ং বাজার থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার পাঁয়তারা চলছে। পরিষদের চেয়ারম্যান ভুল তথ্য দিয়ে এটি স্থানান্তরের চেষ্টা করছেন। অথচ পরিপত্র অনুযায়ী এখানে ২৫ শতক জমি রয়েছে। ইউনিয়ন পরিষদের কার্যালয় অন্যত্র স্থানান্তর জনগণ মেনে নেবে না। এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
আড়ং বাজারের ব্যবসায়ী মো. জামাল প্রধানের মতে, বর্তমান জায়গাটি ইউনিয়ন পরিষদের জন্য বেশ উপযোগী। এখানে শত শত দোকানপাট রয়েছে। যোগাযোগব্যবস্থাও ভালো। তিনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে একটি চক্র ভোটের হিসাব করে জনবসতিহীন ও অনুন্নত জায়গায় ইউনিয়ন পরিষদের কার্যালয় নেওয়ার চেষ্টা করছে। এতে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে।’
এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য রাজা মোহাম্মদ আমান উল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদের আশপাশে শত শত দোকানপাট, স্কুল-কলেজ এবং কয়েকটি সড়ক রয়েছে। ফলে মানুষের যাতায়াত ও সেবা গ্রহণ সহজ হয়। একটি মহল পরিষদের কার্যালয় অন্যত্র সরিয়ে নিতে চাইছে। এ উদ্যোগ এলাকাবাসীর স্বার্থবিরোধী।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, বরদিয়া আড়ং বাজার এলাকায় প্রায় ৭০ বছর ধরে ইউনিয়ন পরিষদের কার্যালয়টি রয়েছে। দীর্ঘদিনে এই স্থানের সঙ্গে এলাকার মানুষের সম্পর্ক তৈরি হয়েছে। তাই পরিষদ অন্যত্র স্থানান্তর করা হলে তা এলাকাবাসী মেনে নেবেন না।
একই অবস্থানের কথা জানিয়েছেন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আব্দুল আজিজ প্রধান। তিনি বলেন, আড়ং বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদটির বয়স ৭০ বছরের বেশি। দীর্ঘদিন ধরে মানুষ এখান থেকেই সেবা নিয়ে আসছেন। তাই এটি অন্যত্র নেওয়ার উদ্যোগ গ্রহণযোগ্য নয়।
স্থানীয় ব্যবসায়ী জাফর গাজী বলেন, ‘ইউনিয়ন পরিষদ অন্যত্র নেওয়ার উদ্যোগ অন্যায়। আমরা এটি মেনে নেব না।’
এলাকাবাসীর দাবি, ইউনিয়ন পরিষদ কোথায় থাকবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পছন্দ-অপছন্দ নয়, বরং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ জন্য বর্তমান ও প্রস্তাবিত উভয় স্থান সরেজমিনে পরিদর্শন করতে হবে। জমির মালিকানা, যোগাযোগব্যবস্থা, জনবসতি এবং সাধারণ মানুষের সেবা পাওয়ার সুবিধা বিবেচনায় নিয়ে নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন তৈরি করতে হবে। এরপর তুলনামূলকভাবে যে স্থানটি বেশি উপযোগী, সেটিকেই পরিষদের জন্য নির্ধারণ করার দাবি জানিয়েছেন তাঁরা।
প্রায় ৭০ বছরের পুরোনো একটি প্রতিষ্ঠানের অবস্থান পরিবর্তন নিয়ে তৈরি হওয়া এই বিরোধ এখন স্থানীয় মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁদের প্রশ্ন, যেখানে দীর্ঘদিন ধরে ইউনিয়নের মানুষ সেবা পেয়ে আসছেন এবং পরিষদের নামে জমিও রয়েছে, সেখানে স্থানান্তরের প্রয়োজনীয়তা কতটা? এই প্রশ্নের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সমাধান চান তাঁরা।
শেয়ার করুন