“আইনটি যুগোপযোগী করার লক্ষ্যে সংশোধন ও প্রয়োজনীয় সংযোজনের বিষয়ে সরকার কাজ করছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী”
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক মুদ্রণ প্রযুক্তির বিকাশ ও গণমাধ্যমের আধুনিকায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা আইন যুগোপযোগী করার প্রস্তাব দিয়েছেন। বিষয়টি জাতীয় সংসদে লিখিত আকারে উত্থাপন করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ৪৭০ নম্বর প্রশ্নে এমপি মানিক তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছে জানতে চান, ছাপাখানা ও প্রকাশনা আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ৭ ধারাসহ আইনটি যুগোপযোগী করতে সংশোধন ও প্রয়োজনীয় সংযোজনের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কিনা এবং থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে।
জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ এমপি জানান, ছাপাখানা ও প্রকাশনা আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ৭ ধারাসহ আইনটি যুগোপযোগী করার লক্ষ্যে সংশোধন ও প্রয়োজনীয় সংযোজনের বিষয়ে সরকার কাজ করছে। এ বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। তবে বিষয়টি এখনো পর্যালোচনা ও নিষ্পত্তির পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন ও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর আইন সংশোধনের পরবর্তী পদক্ষেপ এবং বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হবে।
প্রসঙ্গত, চাঁদপুরের সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি ও বাস্তবতার নিরিখে ছাপাখানা ও প্রকাশনা আইন, ১৯৭৩ এর সংশ্লিষ্ট ৭ ধারা যুগোপযোগী করে সংশোধন ও প্রয়োজনীয় সংযোজনের উদ্যোগ নিতে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের কাছে লিখিত আবেদন জানায় চাঁদপুর প্রেস ক্লাব। প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি মহান জাতীয় সংসদে উত্থাপন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ এবং প্রয়োজনীয় আইন সংশোধনে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান। এরই পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে সরকারের পরিকল্পনা ও বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে জানতে চান। এছাড়া জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের কাছে প্রেরিত চিঠি তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন।