ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ২৪ ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত

  • শরীফুল ইসলাম
প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে টানা দুই দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। কখনো হালকা, আবার কখনো মাঝারি বৃষ্টিতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। একটানা বৃষ্টির কারণে দৈনন্দিন কাজকর্মে দেখা দিয়েছে বিঘ্ন। বিশেষ করে হঠাৎ বৃষ্টির সঙ্গে আবহাওয়ার পরিবর্তনে অনুভূত হচ্ছে শীতের আমেজ।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকেও চাঁদপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে অনীহা দেখা যাচ্ছে অনেকের মধ্যে। বৃষ্টির কারণে বাইরে চলাচল ও দৈনন্দিন কাজকর্মে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে।
এদিকে টানা বৃষ্টিপাতের কারণে দিনের স্বাভাবিক আবহাওয়ায় পরিবর্তন এসেছে। বৃষ্টির সঙ্গে বাতাসের কারণে হঠাৎ করেই ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে শীতের আগমনী আবহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলীয় জেলা চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে বলে জানান তিনি। টানা বৃষ্টিপাতের কারণে জনজীবনে স্বাভাবিক ছন্দ ফিরতে আরও সময় লাগতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদ।
শেয়ার করুন