চাঁদপুর সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ

 

সুজন পোদ্দার :
চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া বিশ্বরোড ফায়ার সার্ভিস থেকে কাশিমপুর পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে চলাচলের অযোগ্য হওয়ার উপক্রম হয়ে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগের ৮ কিলোমিটার এ সড়কটি কচুয়ার সাথে পাশ্ববর্তী মতলব দক্ষিণ ও হাজীগঞ্জ উপজেলার সাথে সড়কটি মিলিত হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা-কাশিমপুর বাস চলাচলসহ ৩ উপজেলার অসংখ্য যানবাহন, সিএনজি, ট্রাক, অটোরিক্সা চলাচল করে।

সরেজমিনে দেখা গেছে, সড়কটি বিভিন্ন স্থানে বড়বড় গর্ত সৃষ্টি হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ এ সড়কটি দিয়ে চলাচল করছে। গুলবাহার গ্রামের মুক্তার হোসেন জানান, এ সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্তে¡ও দীর্ঘ দিন সড়কের গুলবাহার বাজার অংশে বড় গর্ত হয়ে পানি জমে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অপরদিকে বড়ইগাঁও ও দোঘর ঈদগাহ এলাকায় বড় গর্ত হওয়ায় সিএনজি থামিয়ে যাত্রী নামিয়ে রাস্তায় চলাচল করতে হয়। অথচ এ সড়কটি সংস্কারে কারো যেন কোন মাথা ব্যাথা নেই।

প্রায় দুই বছর পূর্বে সড়কটির সংস্কার করা হলেও এখন ঝুকিপূর্ণ সড়কে পরিনত হয়েছে। এ বর্ষা মৌসুমে এসে সড়কটির কান্দারপাড়, বালিয়াতলী, মনপুরা, বাতাবাড়িয়া, গুলবাহার বাজার, বড়ইগাঁও, দোঘর ঈদগাহ এলাকা পর্যন্ত অন্তত ৩০টি স্থানে রাস্তার আস্তর উঠে গিয়ে বড় বড় গর্ত দেখা দিয়েছে। অল্প বৃষ্টিতেই পানি ও কাদায় সড়কটি একাকার হয়ে যায়।

তাছাড়া এখন বর্ষা মৌসুম ভারী বৃষ্টিতে সরকটি দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাধ্য হয়ে এখন আমরা জীবনের ঝুঁকি নিয়ে এ সড়কটি দিয়ে চলাচল করছি। স্থানীয়রা এ গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ লাগব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

সড়কটির সংস্কারের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীল উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াসী উদ্দিন আহমেদের সাথে মোবাইল ফোনে বার বার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন