কবির হোসেন মিজি/খুরশিদ আলম :
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনায় পথচারী এক যুবকের মৃত্যু হয়েছে। হাইমচর উপজেলার বাংলাবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। এতে মোবারক গাজী (২১) নামের এক যুবক মারা গেছে। নিহত মোবারক ভিঙ্গুলিয়া গ্রামের মুক্তার হোসেন গাজীর ছেলে। সে একটি বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিল। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
স্থানীয়রা জানান, বাংলাবাজার এলাকায় রাজন খান গং প্রকাশ্য গাঁজা সেবনকালে বাজার এলাকায় মাদকদ্রব্য সেবন না করার জন্য বলেন স্থানীয় আলমগীর জমাদার ও মহিন খান। এতে রাজন খান সংঘবদ্ধ হয়ে আলমগীর ও মহিনের উপর আক্রমণ চালায়। এ সময় পথচারী মোবারক গাজী ঘটনা জানতে এগিয়ে গেলে রাজন খান তার হাতে থাকা ছুরি দিয়ে মোবারকের গলায় আঘাত করে।
আশঙ্কাজনক অবস্থায় মোবারককে চাঁদপুর সদর হাসপাতালে নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মহিন ভূঁইয়ার (২১) অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছ। আলমগীর ও মহিন খান জখম হয়েছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
আহত মহিন ভূঁইয়ার পিতা শাহজাহান ভূঁইয়া জানান, চিহ্নিত মাদক সেবনকারী রাজন খানকে এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় সে হামলা চালায়। এতে নীরিহ কলেজ শিক্ষার্থী মোবারক নিহত হয়। তার ছেলে মহিন ভূঁইয়াকেও মারাত্মক জখম করে। বর্তমানে মহিনের অবস্থা আশংকাজনক। চিকিৎসকরা চাঁদপুর সদর হাসপাতাল হতে তাকে ঢাকা পাঠিয়েছে।
ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ঘটনার খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আসাদুজ্জামান, হাইমচর থানার ওসি মাহবুব মোল্লাসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শনে যায়।
হাইমচর থানার ওসি মাহবুব মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। হামলায় জড়িতদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছে এবং একজন নিহত হয়েছেন। বিষয়টি নিয়ে আমরা গুরুত্ব সহকারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।