ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ

  • নিজস্ব প্রতিবেদক
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চাঁদপুর শাখার উদ্যোগে ‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাহক সেবা মাস উপলক্ষে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চাঁদপুর শাখা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মুহাম্মদ নুরুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার প্যানেল অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এবং চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চাঁদপুর শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার কায়েদে আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজান খান, ব্যাংকের প্যানেল ল’ইয়ার বিনয় ভূষণ মজুমদার, প্যানেল ল’ইয়ার নাজমুল হুদা, বিশিষ্ট ব্যবসায়ী ও সোনালী টেক্সটাইল মিলসের স্বত্বাধিকারী মো. হারুন পাটোয়ারী এবং রাজধানী হার্ডওয়্যারের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের আর্থসামাজিক উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শরিয়াহভিত্তিক কল্যাণমুখী ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের আর্থিক সেবাকে আরও সহজলভ্য করা হচ্ছে। গ্রাহকসেবার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সম্প্রসারণ এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবার মাধ্যমে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ইসলামী ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
শেয়ার করুন