শেখ ফরিদ আহমেদ মানিক এমপিকে ঘিরে বন্ধুদের মিলনমেলা ও আনন্দ উদযাপন

বিশেষ প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় শেখ ফরিদ আহমেদ মানিককে সংবর্ধনা জানাতে “ফ্রেন্ডস’৮০ অ্যান্ড এসোসিয়েটস” এর উদ্যোগে গতকাল বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ঢাকার ধানমন্ডিতে অবস্থিত শালিমার কিচেনে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সংবর্ধিত অতিথির বন্ধুদের মিলনমেলায় পরিণত হয়। সবাই মিলে তাঁদের বন্ধুর এই আনন্দ উদযাপন করেন সানন্দ চিত্তে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।মো. মোস্তফা কামাল অপুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন মুকুল আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান। এছাড়া বক্তব্য রাখেন অধ্যাপক মো. জাকির হোসেন, অধ্যাপক মো. গোলাম সারওয়ার এবং সাবেক সচিব মো. হাসানুজ্জামান কল্লোল।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগেও তিনি বন্ধু ও শুভানুধ্যায়ীদের সঙ্গে যেমন ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, ভবিষ্যতেও সেই সম্পর্ক অটুট রাখতে চান। তিনি আরও বলেন, তাঁর নির্বাচনী এলাকাকে একটি আদর্শ ও মডেল আসনে পরিণত করার লক্ষ্যে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন