শাওন পাটওয়ারী :
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আক্তার হোসেন মাঝি হঠাৎ আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে গিয়ে উঠেছে। সোমবার পৌরসভার ১০নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে ওই ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের নির্বাচনী কার্যালয় গিয়ে উপস্থিত হন।
এ সময় নির্বাচনী কার্যালয়ে থাকা নেতাকর্মীরা আক্তার মাঝিকে বরন করে নেন। আক্তার মাঝি উপস্থিত আওয়ামী লীগের নেতাদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি শহরের আলিমপাড়াস্থ আওয়ামী লীগ মনোনীত অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের বাসভবনে যান। এ সময় তিনি তার পরিবারের লোকজনের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী গোলাম মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, স্বেচ্ছাসেবক দল নেতা মীর আনোয়ার হোসেন বাচ্চুসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সম্প্রতি পৌর নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সম্প্রীতির সেতুবন্ধন সৃষ্টি হয়েছে। কয়েকদিন আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল ৯নং ওয়ার্ডে প্রচারনা চালনোর সময় বিপনীবাগস্থ বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে গিয়ে ওঠেন। এই ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এবার আক্তার মাঝি আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে গিয়ে আরেক দৃষ্টান্ত স্থাপন করলেন।