চাঁদপুরে ডা. দীপু মনির বাসা ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাসভবনে পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার রাতে শহরের জেটি রোড এলাকায় দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে এবং রাত প্রায় ১১টার দিকে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর পৈত্রিক বাড়িতে আগুন লাগে।

দুটি ঘটনাতেই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে শহরের জেটি রোড এলাকায় অবস্থিত দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

এর কিছুক্ষণ পর রাত প্রায় ১১টার দিকে ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, দীপু মনির বাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছিল। তবে ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

সুজিত রায় নন্দীর বাড়ির অগ্নিকান্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মন্টু বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকান্ডের বিষয়টি পুলিশ অবহিত রয়েছে। সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেছেন। তবে দীপু মনির বাসায় আগুন লাগার বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।

শেয়ার করুন