ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর


নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরে সিমেন্টবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিম আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে হাজিগঞ্জ পৌর এলাকার জিয়ানগর অনি-রনি ব্রিকসের সামনে হাজীগঞ্জ- রামগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
মিম হাজিগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মুন্সী বাড়ির ইমান হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, মিম তাঁর নানির সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ নানির হাত ছেড়ে সড়ক পার হতে দৌড় দেয়। এ সময় রামগঞ্জগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে সে। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি জব্দ করেছে। চালক ও তাঁর সহকারী পালিয়েছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার করুন