শরীফুল ইসলাম :
বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর স্টেশন বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ১২শ’ কেজি জাটকাসহ ৬জনকে আটক করা হয়েছে। এ সময় একটি পিকআপ ও ১টি সিএনজি জব্দ করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের দেওয়া তথ্য মতে, ভোর রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কালিবাড়ি মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়। পরে সকাল ৯টায় স্টেশন কমান্ডার লেফটেনেন্ট এম আসাদুজ্জামান ও সহকারী মৎস্য কর্মকর্তা জহুরুল ইসলামের উপস্থিতিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম মনজুরুল মোর্শেদ কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে পৃথক অর্থদণ্ড প্রদান করা হয়। আটককৃতদের বিভিন্ন অংকের ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
আটককৃতরা হলেন- জাহাঙ্গীর হোসেন (৪০), মোঃ মনির হোসেন (৩৪), মোঃ নূর মোহাম্মদ (৩৪), মোহাম্মদ ফজল খান (৫৫), মোঃ সুমন (৩২) ও শওকত আলী সরকার (৪৮)। পরে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেনেন্ট এম আসাদুজ্জামান জানান, সরকার নির্দেশিত সময়ে কোস্টগার্ডের জাটকা নিধন রক্ষা কার্যক্রমের এমন অভিযান অব্যাহত থাকবে।