র‌্যাবের অভিযানে বিপুল গাঁজা ফেনসিডিল মদ উদ্ধার : গ্রেফতার ২

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বুধবার গভীর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কোর্টবাড়ি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে কাভার্ড ভ্যানে করে মাদকদ্রব্য পরিবহনকালে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময়ে তাদের দখল থেকে ২৪ কেজি গাঁজা, ৯৮ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো : চাঁদপুর সদর উপজেলার বাখরপুর এলাকার মৃত আব্দুল মান্নান এর ছেলে মোঃ সেলিম ঢালী (৩৮) এবং নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কুতুবপুর গ্রামের মৃত নুরুন্নবীর ছেলে মোঃ সাইফুল ইসলাম ওরফে বাবুল (৩৮)। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল, বিদেশী মদসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। -প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন

Leave a Reply