বিশ্বমানের শিক্ষা গড়ার প্রত্যয়ে ড্যাফোডিলে নবীনবরণ উৎসব

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সোমবার নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত হলো ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার-২৬’। প্রায় ৫ হাজার নবীন শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা জাহিদ হাসান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তারা। অনুষ্ঠানে ভিডিওবার্তার মাধ্যমে শিক্ষার্থীদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর তত্ত্বাবধানে আয়োজিত হয় ‘ক্লাব রিক্রুটমেন্ট প্রোগ্রাম’, যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাব অংশ নেয়। এই আয়োজনে স্থাপিত বিভিন্ন ক্লাবের বুথ থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দসই ক্লাবে সদস্য হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের সফল অ্যালামনাইদের অংশগ্রহণে আয়োজিত অভিজ্ঞতা বিনিময় সেশন।অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন র‌্যানকন অটো ডিভিশন-২-এর ক্রিয়েটিভ লিড এএসএম আরিফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)-এর ইউথ অ্যান্ড এডোলেসেন্ট প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর এবং অ্যাস্ট্রাজেনেকা’র ইউথ হেলথ প্রোগ্রামের অ্যাডভাইজরি বোর্ড সদস্য মেহেদী হাসান বাপ্পি, জনতা ব্যাংক পিএলসি-এর প্রিন্সিপাল অফিসার নুসরাত জাহান এবং আকন্দ ইঞ্জিনিয়ারিং-এর সিইও এএম তাজউদ্দিন আহমেদ। বক্তারা নবীন শিক্ষার্থীদের সঙ্গে নিজেদের বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা ব্যক্ত করেন এবং ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের ড্যাফোডিল স্মার্ট সিটির আধুনিক প্রযুক্তি ও অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার করে নিজেদের দক্ষ ও আত্মবিশ্বাসী পেশাজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পাশাপাশি গত সেমিস্টারে বিভিন্ন অনুষদের কৃতি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের অশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে এবং তাদের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানটির যাবতীয় সমন্বয় ও পরিচালনার দায়িত্বে ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স’। প্রেস বিজ্ঞপ্তি
শেয়ার করুন